নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায় হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরও করে তারা। শনিবার সন্ধ্যা ৬টার পরে শহরের আলাইপুরস্থ দলটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
নাটোর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীরা জানান, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর পৌর এলাকার ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছিল কার্যালয়টির ভেতরে। এসময় হঠাত্ বাইরে থেকে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। শ্লোগান শুনে বাইরে বেরিয়ে এলে তারা হেলমেট পরিহিত ১৫/২০ জন দুর্বৃত্তকে দেখেন। এদের কয়েকজন কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও বাকীরা কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় দুর্বৃত্তরা আরো কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে। এসময়ে ভেতরে থাকা বিএনপির কর্মীরা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হটে।
হামলার কথা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে মৌখিকভাবে জানানো হয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, নিঃসন্দেহে নির্বাচনের আগে এ ধরনের হামলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করলো। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। রবিবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
