জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ মৃত্যুশয্যায় বলে সংসদকে জানালেন জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল বৃহস্পতিবার সংসদে আলোচনায় অংশ নিয়ে রাঙ্গা বলেন, ‘ওনার (এরশাদের) চিকিত্সার জন্য প্রয়োজনীয় টাকা আমরা জোগাড় করতে পারিনি। ওনাকে দেশের বাইরে নিয়ে যাব, সেই অবস্থাও ওনার নেই। যদি বাইরে নেওয়ার মতো অবস্থা হয়, তাহলে আমরা উদ্যোগ নেব। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আবার সংসদে বসবেন।’
এরশাদকে নিয়ে বিএনপির কটাক্ষের সমালোচনা করে রাঙ্গা বলেন, অসুস্থ এরশাদ সাহেব সিএমএইচে। যমে-মানুষে টানাটানির অবস্থা বলতে পারেন, বিএনপি তাকে নিয়ে কটাক্ষ করছে। ‘এই বৃদ্ধ, এই বুড়ো আর কতদিন বাঁচবে’—এ ধরনের অশালীন ভাষা বিএনপির লোকেরা ব্যবহার করছেন। যে মানুষটি ৯ বছর দেশ শাসন করেছেন, মানুষের জন্য একবুক পানিতে নেমে যিনি ত্রাণ বিতরণ করেছেন, তাঁর সম্পর্কে এই অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে। তারা অসৌজন্যমূলক আচরণ করে। মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, এর জন্য আজকে তাদের এই পরিণতি হয়েছে।
