৩২ ডেপুটি ও ৫২ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:৪০

২০১৭ সালের আগে নিয়োগপ্রাপ্ত ৩২ জন ডেপুটি ও ৫২ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের সঙ্গে বৈঠক শেষে এসব আইন কর্মকর্তারা পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ২০১৭ সালের আগে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। এদের মধ্যে অনেকেই পদত্যাগ করেছেন। দু’একজন বাকি রয়েছেন।

বুধবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৭ সালের আগে যারা ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। বিচার বিভাগের প্রয়োজনে নতুন আইনজীবী নিয়োগ দিতে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি বলেন, সরকারি আইন কর্মকর্তাদের পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে অ্যাটর্নি জেনারেলকে জানানো হয়েছে। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। গতকাল ওই চিঠি পাওয়ার পর আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। ওই বৈঠকে তিনি পদত্যাগের নির্দেশ দেন। তবে পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।