নিজের অফফর্ম নিয়ে যা বললেন লিটন  

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২

লিটন দাসের সময়টা ভাল যাচ্ছে না। কিন্তু ওপেনিং এই ব্যাটার টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতীক হয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি লিটনের ব্যাটে যেন রানের দেখা নেই। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে এই ওপেনারের রান ১৬, ১৫ ও শূন্য। নিজের ব্যাটে রান খরা নিয়ে চিন্তিত তিনি নিজেও। যে কারণে নিজের অফ ফর্ম কাটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই ব্যাটার।

বুধবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি চেষ্টা করছি, অনুশীলন করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায় (সমস্যাগুলো)। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো।’ তার এই ফর্মের কারণ কী আত্মবিশ্বাসের অভাব? জবাবে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।’

বিশ্বকাপের আগে এই সিরিজে দুই দলই বিশ্রাম দিয়েছে মূল ক্রিকেটারদের। বিষয়টি নিয়ে ভাবতে নারাজ লিটন। তিনি আরও বলেন, ‘এখানে স্বাভাবিক বিষয় আমরা টিমে যে কজন আছে, তাদের মধ্যে কন্টিনিউ ম্যাচ খেলেছে একমাত্র হৃদয়। আমিও খুব একটা কন্টিনিউ খেলিনি। মাঝখানে দুইটা ম্যাচ অসুস্থ ছিলাম। যেসব খেলোয়াড়রা খেলবে, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নাসুম ও শেখ মাহেদীও খেলেছে কিছুদিন আগে। তবুও এটা একটা সুযোগ। যেহেতু সামনে বিশ্বকাপ। সবারই দেখার একটা সুযোগ। সবার জন্য সুযোগ আছে। ’ 

এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রামে রাখা হয়েছে। অধিনায়কের বাড়তি দায়িত্ব এখন লিটনের কাঁধে। অধিনায়ক লিটনের বার্তাও স্পষ্ট। তিনি বলেন, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

ইত্তেফাক/ওএফ/জেডএইচ