সিলেট ও আসামের অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার এখনই সময়

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৪৭

আসামের বাণিজ্যমন্ত্রী

সিলেট অফিস

সিলেট সফররত ভারতের আসাম সরকারের প্রতিনিধিদলের প্রধান এবং আসামের এইপিএ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সুসম্পর্কের সুবাদে সিলেট ও আসামের অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করার এখনই সময়। আমরা ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিত্সা ও পর্যটন খাতে পারস্পরিক বিনিয়োগের মাধ্যমে একসাথে এগিয়ে যাব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেট নগরীর হোটেল স্টার প্যাসিফিকে আসামের সফররত ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় আসামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. মোহাম্মদ তানভির মনসুর, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, আসামের সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের এডিশনাল চিফ সেক্রেটারি যীষ্ণু বড়ূয়া, সিলেটের কাস্টমস্ কমিশনার গোলাম মো. মুনীর, এফবিসিসিআইর পরিচালক খন্দকার সিপার আহমদ প্রমুখ।