হাটহাজারীতে যুবকের লাশ উদ্ধার!

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫০

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে সড়কের পাশের জমি থেকে মো. খোরশেদ (৩৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার সকাল এগারটার দিকে উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ পাওয়ার এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উত্সুক জনতা লাশটি দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমাতে দেখা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐ ইউনিয়ন পরিষদের পশ্চিমে হাটহাজারী বাসস্ট্যান্ড—গড়দুয়ারা সড়কের পাশে অল্প পানি জমে থাকা একটি জমিতে স্থানীয়রা সকালের দিকে একটি লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট থানাকে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, উদ্ধার করা লাশটি পশ্চিম মেখল ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্থ অলি সুবেদার বাড়ির মৃত আবদুল কাদেরের পুত্র দুসন্তানের পিতা খোরশেদের। হাটহাজারী মডেল থানার ওসি লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন।