চট্টগ্রাম কাস্টম কমিশনারের সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম কাস্টম কমিশনারের সাথে গত বৃহস্পতিবার বিজিএমইএর এক মতবিনিময় সভা চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, কাস্টম হাউজে বর্তমান জটিলতার ফলে রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হয়ে পোশাক শিল্প পিছিয়ে পড়ছে। পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান ছাড়করণে বিরাজমান সমস্যাসমূহ দ্রুত সমাধানের জন্য সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাব করেন। সম্প্রতি আমদানিকৃত মালামাল ছাড়করণে কাস্টমস্ কর্তৃক কাপড় রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষণ, চালান আটক, ফ্রি অব কস্ট চালান ছাড়করণে দীর্ঘসূত্রিতা, কম্পোজিট প্রতিষ্ঠানের কেমিক্যাল ছাড়করণে অনীহাসহ বিভিন্ন জটিলতায় প্রচুর সময়ক্ষেপণসহ হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। আমদানি কার্যক্রম সম্পাদন ৪ দিন ও রপ্তানি সম্পাদনে ৩৬ ঘণ্টা নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস্ কমিশনার মো. ফখরুল আলম বলেন, পোশাক শিল্পের রপ্তানিকে অগ্রাধিকার প্রদান করে কাস্টম কার্যক্রম সহজীকরণপূর্বক আমদানি-রপ্তানির প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।

সভায় আরো বক্তব্য রাখেন—বিজিএমইএর সহ-সভাপতি এ এম চৌধুরী সেলিম, পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।