দেশে প্রথম বারের মতো মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন দিয়েছে। এই বিধিতে প্রচলিত সব ছুটির সঙ্গে ১৫ দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান প্রণীত হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী।
তিনি বলেন, এর আগে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় এ ছুটির বিধিমালা প্রণয়ন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. ফিরোজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক প্রমুখ।
এ বিষয়ে উপাচার্য ড. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশুনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। এক জন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ ঠিক বাবার ভূমিকাও তেমনি। এই দিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীরা যারা নব্য বিবাহিত তারা সর্বোচ্চ দুই বার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।

