রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:২২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

‘প্রতিবাদও হতে পারে সৃজনশীল’—এই শ্লোগানকে সামনে রেখে শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় গান, কবিতা, পথনাটক ও আবৃত্তির মাধ্যমে তারা তাদের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি বারবার সংশোধনের পরও অনুমোদন পাচ্ছে না। এটা অত্যন্ত হতাশাজনক।

এছাড়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি এই ধরনের অবহেলা সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক প্রতিবাদে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষক ও কর্মকর্তা। পরে বিকালে শিক্ষার্থীরা এক মশাল মিছিল কর্মসূচি পালন করার কথা জানায়।

এর আগে গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কট করে শিক্ষক-কর্মকর্তারা তাদের দাবির প্রতি কঠোর অবস্থান প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে একাধিকবার চিঠি ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। সকল শর্ত পূরণ করেও অনুমোদন না মেলায় পুরো ক্যাম্পাস পরিবার হতাশ ও ক্ষুব্ধ।

আগামীকাল (৩১ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাংস্কৃতিক প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী রিপন সরকার বলেন, আমরা ক্লাস-পরীক্ষা চাই, আন্দোলন করতে চাই না। কিন্তু এভাবে অবহেলার শিকার হতে হলে আমরা নিশ্চুপ থাকব না।

ইত্তেফাক/এএইচপি