আহত ৯, আটক ১৪
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৯ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম এলাকায়। নিহত রিয়াজ (৩০) হচ্ছেন— তুলারাম এলাকার আবুল কালাম হাজীর ছেলে। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রিয়াজের সঙ্গে তার চাচাত ভাই গিয়াসউদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে উভয় পক্ষের সংঘর্ষ হয়। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রিয়াজকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে রিয়াজের মৃত্যু হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জমিজমা সংক্রান্ত ব্যাপারে দুই পক্ষের বিরোধের কারণে সংঘর্ষে রিয়াজ নামে একজন বরিশালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মারা যায়। ঘটনার সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
