সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৮

পরিবারের দাবি হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লা থেকে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত মাহমুদ হাসান একই মহল্লার ছবদের আলী ভুট্টোর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শাওন ইসলাম ইভা নামে তিনজনকে আটক করেছে।

নিহতের বড়ো ভাই মারুফ শেখ জানান, ছোটো ভাই মাহমুদ হাসানের সাথে পার্শ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে ইভার পরিবারের পক্ষ থেকে একাধিকবার হাসানকে মারপিট করা হয়। বৃহস্পতিবার রাতে মোবাইলফোনে ইভা হাসানকে ডেকে নেয়। সকালে ইভার ঘরের পেছনে জানালার সাথে হাসানের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহতের বাবা ছবদের আলী ভুট্টো বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।