চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের ৯১ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ২৩২ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাছিরউদ্দীন আহমেদ। বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটে চাঁদপুর পৌরসভার রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিনোদন কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।
অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বে বিকাশ শীর্ষক কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বে বিকাশ শীর্ষক এক কর্মশালা হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের এক রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় কর্মশালার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। প্রশিক্ষক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
সোনাতলা পৌরসভার বাজেট ঘোষণা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা বগুড়ার সোনাতলা পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বৃহস্পতিবার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন। এ সময় আরো বক্তব্য দেন, পৌর সচিব মো. শাহজাহান আলম, উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান, প্যানেল মেয়র তাহেরুল ইসলাম প্রমুখ।
রাজস্ব ও উন্নয়নসহ বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৮৫১ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৩ লাখ ১৬ হাজার ৮৫১ টাকা।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থ ও টিন বরাদ্দ
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পুনর্বাসন করতে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন বরাদ্দ করেছে সরকার। ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলার কোদালধোয়া বাজারে অগ্নিদগ্ধ পাঁচটি দোকান মালিকদের দোকান উত্তোলনের জন্য ১০ বান্ডিল ঢেউটিনের সঙ্গে ৩০ হাজার টাকা এবং পুনর্বাসনের জন্য আরো নগদ ৭৫ হাজার টাকা বরাদ্দ করেছে।
মোংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা স্মার্ট সিটির পরিকল্পনা বাস্তবায়নে মোংলা পোর্ট পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র মো. জুলফিকার আলী ১১৩ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন। বৃহস্পতিবার পৌরসভার অস্থায়ী ভবন চত্বরে উন্মুক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব এবং বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. জুলফিকার আলী। বাজেট অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, ইমাম মাওলানা তৈয়বুর রহমান প্রমুখ।
কলমাকান্দায় বন্যার্তদের ত্রাণ বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দা উপজেলায় তিনদিনের অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বন্যায় উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার শুক্রবার দিনব্যাপী দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আট হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন।
শেরপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
শেরপুর প্রতিনিধি শেরপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শহরের পৌর অডিটরিয়ামে ১২৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শেরপুর পৌরসভার প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপ ছাড়াই রাজস্ব খাতে ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৫২১ টাকা আয় এবং ১২ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, বিএমডিএফ, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ১০৩ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৩৩৮ টাকা পাওয়ার আশা করা হয়েছে। এদিন একইসাথে ২০১৮-১৯ অর্থবছরের ৯ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৭১৫ টাকা উদ্বৃত্ত দেখিয়ে ৩৬ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২১৫ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।
