শফিকুর রহমান রয়েল
দূর থেকে দেখলে পউ প্লাং গ্রামটি কম্বোডিয়ার অন্য দশটি গ্রামের মতোই। সবদিকেই ধানক্ষেত, ধূলিময় রাস্তা এবং বাড়িগুলো সব কাঠের। কিন্তু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই সিম রিপ প্রদেশের এ গ্রামটির স্বতন্ত্র বৈশিষ্টটি উঠে আসে। পউ প্লাং গ্রামে সুস্থ-সবল শ্রমিক পাওয়াই দায়। এরা সবাই চলে যায় প্রতিবেশী দেশ থাইল্যান্ডে। গত মাসের গোড়ায় গণ-বহিষ্কারের আগ পর্যন্ত এ গ্রামের এক-চতুর্থাংশ লোকই কাজ করত থাইল্যান্ডে। সেখানকার কাজের প্রাচুর্য্য কম্বোডীয়দের কাছে টানে চুম্বকের মতো। এ প্রসঙ্গে গ্রামপ্রধান চউন রথ বলছিলেন, ‘কম্বোডিয়ায় আমরা সবাইকে কাজ দিতে পারি না। যাদেরকে দিতে পারি, তাদেরকে পর্যাপ্ত বেতন দিতে পারি না। কিন্তু কম্বোডিয়ার অধিকাংশ লোকই খুব গরিব। তারা পরিবারের খাওয়া-পরা ঠিকভাবে চালাতে পারে না। সেজন্যই তারা বিদেশে চলে যায় কাজ করতে, যাতে করে দেশে অর্থ পাঠাতে পারে। আগে বাবা-মা সন্তানদের সেবাযত্ন করতো কিন্তু এখন সে কাজটি আমরা দাদা-দাদিরা করি। আমাদের গ্রামে বুড়োবুড়ি ও শিশুরাই কেবল পড়ে রয়েছি।
ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও তুলনামূলকভাবে অধিক মজুরির লোভে পঙ্গপালের মতো ছুটে যায় কম্বোডীয় শ্রমিকরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তারা যে দালালের মাধ্যমে পাচার হয়, তাদের হাতে তুলে দিতে হয় মজুরির একটা অংশ। মাছ ধরার নৌকাগুলোয় আধুনিক দাসের জীবনযাপন করছে কম্বোডীয় শ্রমিকরা, এমন খবর মিডিয়ায় আসে প্রায়ই। নির্মাণ সাইটগুলোতে যারা কাজ করে, তারা অপেক্ষাকৃত ভাল থাকে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যানুসারে থাইল্যান্ডে লোক কেনাবেচা হয় অবাধে। বেশিরভাগ লোককেই যে কাজের কথা বলে নিয়ে আসা হয়, সে কাজ তাকে দেয়া হয় না। কম্বোডিয়া থেকে অবৈধভাবে আসা শ্রমিকদের বড় অংশই মাছ ধরে কিংবা মত্স্য-সংশ্লিষ্ট শিল্পে কাজ করে। অনেকে বেছে নেয় নিম্ন মজুরিতে পোশাক তৈরি কিংবা গৃহস্থালির কাজ। রথ পউ প্লাং গ্রামে বসবাস করছেন ১৯৭৯ সালে খেমার রুজদের পতনের সময় থেকে।
রথ আক্ষেপ করে বলছিলেন, ‘সরকার সংশ্লিষ্টদের কাছে আমি কিছুদিন পরপরই আরো কাজ সৃষ্টি করার অনুরোধ জানিয়ে আবেদন করছি, যাতে করে আমার এলাকার লোকজন আর থাইল্যান্ড না যায়। আমি চাই না আমার দেশের লোকজন বাইরের দেশে গিয়ে কাজ করুক। কিন্তু সরকারকে এ ব্যাপারে নির্বিকার মনে হচ্ছে। ৭১ বছর বয়স্ক রথকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার গ্রামের কতজন লোক বাইরে কাজ করছে। প্রশ্ন শোনার পর ঘরের ভেতর থেকে একটি রেকর্ড বই নিয়ে এসে দেখিয়ে দেন, ২০০টি পরিবারের ১০১৮ জন লোকের বাস তাঁর গ্রামে। এরমধ্যে ২৬৩ জন থাইল্যান্ডে কাজ করছে। এদের কারোরই পাসপোর্ট নেই। পউ প্লাং গ্রাম থেকে লোকেদের অধিকাংশই দেশে অর্থ পাঠাতে সক্ষম হয়েছেন। কিন্তু এ ব্যাপারে ২০ শতাংশ লোক অসফল। তারা দালাল ও বসদের প্রতারণার শিকার। এছাড়া মৃত্যুর ঘটনাও ঘটছে। ৬৭ বছর বয়স্ক ভা সউর কাঁদতে কাঁদতে জানান, তাঁর ৩৯ বছর বয়সী পুত্র গত বছর নির্মাণ সাইট থেকে পড়ে গিয়ে মারা যায়। সে দশ বছর ধরে থাইল্যান্ডে কাজ করছিল। তাঁর তিন ছেলের সবাই কোনো না কোনো সময়ে থাইল্যান্ডে কাজ করেছে। একজন এখনো রয়েছে সেখানে। মেয়ে বছর তিন আগে থাইল্যান্ড থেকে ফিরে আসলেও এখন গ্রামে থাকছে না, অভিবাসিত হয়েছে পাশের রাজ্যে।
কম্বোডিয়ার ঠিক কত লোক অবৈধভাবে থাইল্যান্ডে কাজ করছে এ সংখ্যাটা কারোরই জানা নেই। তবে কম্বোডীয় সরকার জানিয়েছে, তাদের আনুমানিক সাড়ে চার লাখ লোক অবৈধভাবে সেখানে কাজ করছে আর বৈধ চাকুরের সংখ্যা ৯০ হাজার। কম্বোডিয়ার লোকজন বৈধর চেয়ে অবৈধভাবেই বেশি যেতে চায় থাইল্যান্ডে। আইএলও এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বের করেছে, বৈধভাবে যাওয়ার জন্য খরচ পড়ে ৭০০ মার্কিন ডলার সমপরিমাণ বাথ; কিন্তু অবৈধভাবে যাওয়া যায় মাত্র ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাথ খরচ করে। এ সুযোগটাই ধরছে তরুণ-তরুণীরা। কম্বোডিয়ার ওয়ার্কফোর্সে প্রতিবছর আড়াই লাখেরও বেশি লোক যুক্ত হয়। দুর্বল চাকরির বাজারের কারণে তরুণ-তরুণীদের একটা বড় অংশের কাছে থাইল্যান্ড সেরা অপশন হয়ে দাঁড়ায়। তাই বাধ্য হয়ে বেছে নেয় সীমান্ত পাড়ি দেয়ার পথ। তবে সেখানে যাওয়ার পর প্রত্যাশা অনুযায়ী পাঠাতে পারে না রেমিটেন্স। স্বপ্ন ভেঙে যাওয়ার কেউ কেউ ফেরতও আসে এবং অন্যদের যেতে অনুত্সাহিত করে। কিন্তু তাতে কোনো কাজ হয় না।
—আল জাজিরা ওয়েবসাইট অনুসরণে
