কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দুই সহোদর ও এক রোহিঙ্গা এবং কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।
কক্সবাজার:কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় দুই সহোদরসহ অপর এক রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে পুলিশ ও বিজিবির সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসব ঘটনায় ইয়াবা, অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে অভিযানকারিরা। শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা ও মাদক মামলার পলাতক আসামি দুই ভাই নিহত হন। নিহতরা হলেন, টেকনাফের হ্নীলার পূর্ব সিকদারপাড়ার মোহাম্মদ হোসেন মাহদুর ছেলে আব্দুস সালাম ও আব্দুর রহমান।
এ সময় তিন পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে ২টি এলজি, ২টি অটো ছুরি, ২টি কিরিচ, ৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া যায় বলে দাবি করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। নিহতদের বিরুদ্ধে নানা অভিযোগে ৬টি মামলা রয়েছে দাবি করে ওসি আরো জানান, মরদেহগুলো ময়নাতদন্ত করা হচ্ছে। বন্দুকযুদ্ধ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা করা হবে। অপরদিকে, কক্সবাজারের উখিয়ায় রহমতের বিল এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে ১৫ হাজার পিস ইয়াবা, ১টি বন্দুক ও ২টি খালি কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে বিজিবির দুই সদস্য আহত হয় বলে দাবি করেন কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি। নিহত মোহাম্মদ নুর উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল কবিরের ছেলে।
কুমিল্লা:কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শ্রী প্রশান্ত কুমার দাস নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর সংরাইশ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইয়াবা এবং ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত প্রশান্ত কুমার নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোমতী নদী তীরবর্তী টিক্কারচর এলাকা থেকে বৃহস্পতিবার ২ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ প্রশান্ত কুমার দাসকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায় রাতে সংরাইশ বেড়িবাঁধ এলাকা দিয়ে ইয়াবাসহ মাদকের একটি বড়ো চালান পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল তাকে নিয়ে রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযানে গেলে মাদক চোরাকারবারিরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে উভয় পক্ষের গুলিবিনিময়কালে প্রশান্ত কুমার দাস গুলিবিদ্ধ হয়। এরপর আহত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
