বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও বিভিন্ন গোষ্ঠীর অপতৎপরতা রোধের পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার বার্তা নিয়ে সুনামগঞ্জে নৌযাত্রা করেছেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সুনামগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম সুনামগঞ্জের তাহিরপুর থেকে এই নৌযাত্রা শুরু করেন। শামীমার নেতৃত্বে বেশকিছু ইঞ্জিনচালিত নৌকায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নৌযাত্রায় অংশ নেন। তাহিরপুর থেকে জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলা হয়ে ধর্মপাশা উপজেলায় গিয়ে শেষ হয় নৌযাত্রা। পরে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শামীমা আক্তার খানম বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুর আলম, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক শফিক উদ্দিন, তাহিরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খসরু ওয়াহিদ, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল আহমেদ, মাওলানা আব্দুল আউয়াল, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ধর্মপাশা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল হান্নান, সিলেট মহানগর যুবলীগের সহ-সম্পাদক জাকেরীন রেজা জয়, ফেরদৌস আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
