হাতের কবজি কেটে টিকটক করা কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৯

হাতের কবজি কেটে টিকটক করা কিশোর গ্যাং ‘আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপ’-এর অন্যতম লিডার ইউনুছ ও তার সহযোগী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন খিলজি রোড এলাকায় ছিনতাই করার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ছুরি ও দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান, সম্প্রতি এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। কিছু দিন আগে ছিনতাইকালে শুটার আনোয়ার গ্রুপের সদস্য ইউনুছের হামলায় ভুক্তভোগী মারাত্মক জখম হন। এর মধ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের আন্তর্দ্বন্দ্বের জেরে এক পক্ষ চাপাতি দিয়ে আরেক পক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনা ঘটায়। এছাড়া তারা ৪০ থেকে ৫০ জন একসঙ্গে এলাকায় জমায়েত হয়ে ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটায়।

গ্রেপ্তার ইউনুছের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুইটি হত্যার চেষ্টা, একটি দস্যুতা এবং আদাবর থানায় ডাকাতির অভিযোগে চারটি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে আদাবর থানায় একটি মানব পাচার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এএইচপি