সেই বড়ছড়া রেলসেতুতে ঝুঁকির আশঙ্কা, দেড় ঘণ্টা পর ছাড়ল ট্রেন

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:১৪

কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন সংলগ্ন বড়ছড়া দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল নামার ফলে বড়ছড়া রেলসেতুটি ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করেছে স্থানীয়রা। গতকাল ঝুঁকির আশঙ্কায় প্রায় দেড় ঘণ্টা পর একটি ট্রেন রেলসেতু অতিক্রম করে। এ সেতুর উপর গত ২৩ জুন রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়ে চারজন প্রাণ হারান ও দুই শতাধিক যাত্রী আহত হন।

জানা যায়, ভারিবর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত বৃহস্পতিবার রাত থেকে বড়ছড়ায় পানি বাড়তে থাকে। ছড়ার উপর রেলসেতুর নিচে আড়াআড়ি ভাবে পড়ে থাকা উপবন ট্রেনের বগির কারণে ছড়ায় পানির গতি বাড়তে থাকে এবং সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। বরমচাল স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম কাজল জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি বেলা ২টা ৫০ মিনিটে বরমচাল স্টেশনে আসে এবং সেতুর অবস্থা ঝুিঁকপূর্ণ দেখে এলাকাবাসী ট্রেন চালাতে বাঁধা দেয়। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানান। পানি কিছু কমলে ৪টা ১৫ মিনিটে পাহাড়িকা ট্রেন বরমচাল স্টেশন ছেড়ে আসে। এর কিছু সময় পর ঢাকাগামী পারাবত ট্রেন বরমচাল স্টেশন ত্যাগ করে। কুলাউড়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।