চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকার জমিয়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জমিয়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন ফ্লাইওভারের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সেটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সপ্তাহখানেক ধরে অজ্ঞাত নারীকে ওই এলাকায় দেখা গিয়েছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এসআই আবুল কালাম। তার নাম পরিচয় বের করার চেষ্টা চলছে বলে জানান এসআই।
