বিশ্বকাপেও উঠতে পারে ডাচ-ঝড়!

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

শুরু হয়েছে বিশ্বকাপ। ভারতের মাটিতে চলছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও চলছে। ভারতের আসরে অংশ নেওয়া ১০ দলের শক্তি-দুর্বলতা ও সম্ভাবনা নিয়েই এই আয়োজন। আজ থাকছে নেদারল্যান্ডকে নিয়ে-
 
‘চার-পাঁচটা ম্যাচ জিতলে আমরা সেমিফাইনালও খেলতে পারি’- বক্তব্যটা নেদারল্যান্ডস কোচ রায়ান কুকের। বিশ্বকাপ বাছাই পর্বের পারফরম্যান্সের পর তার এই চাওয়া মোটেও বাড়াবাড়ি নয়। ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইয়ের আয়োজক জিম্বাবুয়েকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাস তাদের বড় স্বপ্ন দেখাতেই পারে।

দুই আসর পর বিশ্বকাপে ফিরেছে নেদারল্যান্ডস। মর্যাদার প্রতিযোগিতায় সুযোগ পাওয়াটাই তাদের কাছে অনেক বড় ব্যাপার হওয়ার কথা। তবে ডাচরা ‘অল্প’তে সন্তুষ্ট থাকতে চায় না। বিশ্বকাপ মঞ্চটা তাদের কাছে ‘পিকনিক’ নয়, বরং ‍যুদ্ধক্ষেত্র। সেমিফাইনালে চোখ রেখেই ভারতে গিয়েছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপ বাছাই পর্বেও তাদের নিয়ে কোনও আলোচনা ছিল না। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ওপরই ছিল সব আলো। অথচ সব হিসাব পাল্টে বিশ্বকাপ নিশ্চিত করে নেয় তারা। এবার মিশন বিশ্বকাপ।
কঠিন বাধা পেরিয়ে বিশ্ব আসরের টিকিট নিশ্চিত করতে হয় বলে এখানে আসলে ছোট দল-বড় দল বলে কিছু নেই। তাছাড়া ডাচদের সামর্থ্যও আছে। শুধু বাছাই পর্বের পারফরম্যান্স মূল মঞ্চে করতে পারলেই হলো, ঘটে যেতে পারে অঘটন। বিশ্বকাপেও উঠবে নাকি ডাচ-ঝড়?

একনজরে

অধিনায়ক: স্কট এডওয়ার্ডস।

কোচ: রায়ান কুক।

র‌্যাংকিং: ১৪।

বিশ্বকাপে অংশ নিয়েছে: ৪ বার (১৯৯৬, ২০০৩, ২০০৭, ২০১১)।

বিশ্বকাপে সেরা সাফল্য: গ্রুপ পর্ব।

আগের বিশ্বকাপের পারফরম্যান্স

২০১৯ সালের বিশ্বকাপে সুযোগ পায়নি নেদারল্যান্ডস। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপেও খেলা হয়নি তাদের। সবশেষ বিশ্বমঞ্চে খেলেছে ২০১১ সালে। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ডাচদের।

কীভাবে বিশ্বকাপে: ওয়ানডে সুপার লিগে শীর্ষ আটে থাকতে পারেনি নেদারল্যান্ডস। ফলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি তারা। খেলতে হয়েছে বাছাই পর্ব। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিশ্চিত করে ভারতের টিকিট।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ সূচি

৬ অক্টোবর: পাকিস্তান (হায়দরাবাদ), দুপুর ২-৩০ মিনিট
৯ অক্টোবর: নিউজিল্যান্ড (হায়দরাবাদ), দুপুর ২-৩০ মিনিট
১৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা (ধর্মশালা), দুপুর ২-৩০ মিনিট
২১ অক্টোবর: শ্রীলঙ্কা (লখনউ), সকাল ১১টা
২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া (দিল্লি), দুপুর ২-৩০ মিনিট
২৮ অক্টোবর: বাংলাদেশ (কলকাতা), দুপুর ২-৩০ মিনিট
৩ নভেম্বর: আফগানিস্তান (লখনউ), দুপুর ২-৩০ মিনিট
৮ নভেম্বর: ইংল্যান্ড (পুনে), দুপুর ২-৩০ মিনিট
১২ নভেম্বর: ভারত (বেঙ্গালুরু), দুপুর ২-৩০ মিনিট

নজরে থাকবেন

স্কট এডওয়ার্ডস: জন্ম তার টোঙ্গায়। দাদি নেদারল্যান্ডসের হওয়ায় পাসপোর্ট মিলেছে স্কট এডওয়ার্ডসের। সেই তিনিই এখন ডাচদের অধিনায়ক। ২০১৯ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে গড়েন দুটি বিশ্বরেকর্ড। টি-টেন ক্রিকেটে খেলেন ৩৯ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস। ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্বগুণও আলাদা করে রেখেছে এডওয়ার্ডসকে। তার অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে নেদারল্যান্ডস। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে পেয়েছে ভারতের বিশ্বকাপের টিকিট।

কলিন আকারমান: কলিন আকারমানের জন্ম দক্ষিণ আফ্রিকায়। তবে জাতীয় দল বেছে নিয়েছেন নেদারল্যান্ডসকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পথে ডাচদের জয়ের নায়ক ছিলেন তিনি। ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলে জেতান দলকে আর নিজে পান ম্যাচসেরার পুরস্কার। কাউন্টি খেলার কারণে অবশ্য দলের বাইরে ছিলেন বেশ কিছুদিন। তবে বিশ্বকাপ দলে আছেন আকারমান।

শক্তি

বিশ্বকাপ বাছাই পর্বের দুর্দান্ত পারফরম্যান্স তাদের সঙ্গী।

দলের খেলোয়াড়রা অনেকদিন খেলছেন একসঙ্গে। তাদের বোঝাপড়াটা দারুণ।

ব্যাটিংয়ে লোয়ার অর্ডার পর্যন্ত আছে ম্যাচ জেতানো খেলোয়াড়।

প্রত্যাশার চাপ নেই। তাই উপভোগ্যের মন্ত্রে বিশ্বকাপ খেলবে।

দুর্বলতা

একাই ম্যাচ জিতিয়ে দেবেন, এমন খেলোয়াড়ের অভাব।

দলে নেই ভালো মানের কোনও স্পিনার।

ভারতীয় কন্ডিশনে ভুগতে হতে পারে।
 
ভবিষ্যদ্বাণী: প্রথম পর্ব।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন আকারমান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, সাকিব জুলফিকার, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লেইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে।

ইত্তেফাক/জেডএইচ