আতঙ্ক ছড়াতে পারেন ভেল্লালাগে-রাবাদা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:২৫

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে আজ তৃতীয় দিনে দুটি ম্যাচ। ধর্মশালায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটা শুরু হবে বেলা ১১টায়। এর সাড়ে তিন ঘণ্টা পর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এই দুটি দলই হয়তো শিরোপার স্বপ্ন এঁকেই নামছেন মাঠে। সেই স্বপ্নের পথে দুই দলই যে জয় দিয়ে শুরু করতে চাইবে, সেটি স্পষ্টই। সেই লক্ষ্যে আজ প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারেন দুনিথ ভেল্লালাগে ও কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার আতঙ্কের নাম হতে পারেন রাবাদা, ভেল্লালাগে হারাম করে দিতে পারেন দক্ষিণ আফ্রিকানদের ঘুম।

এমনিতে দুই জনের মধ্যে কোনো মিল নেই। কাগিসো রাবাদা পরিপূর্ণ পেস বোলার। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের নেতা। গতি, বাউন্স, সুইংয়ের সমন্বয়ে মাঠের ২২ গজি জমিনে আগুনের স্ফুলিঙ্গ ছড়ানোই তার কাজ। দুনিথ ভেল্লালাগেও বল হাতেরই কারিগর। তবে তিনি নিখাঁদ স্পিনার। তার কাজ বাঁ-হাতি স্পিনের মায়াজালে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা। শ্রীলঙ্কা দলের হয়ে স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। দুই জনের মধ্যে আরো বড় পার্থক্য আছে। ২৮ বছর বয়সি রাবাদা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গতি, বাউন্স, সুইংয়ের প্রসরায় রাবাদা ত্রাস ছড়াতে পারেন শ্রীলঙ্কা শিবিরে।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি ভারতের টাকার খনি আইপিএলেরও বড় তারকা তিনি। দেশের হয়ে খেলেছেন ৬০টি টেস্ট, ৯২টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি। খেলেছেন ২০১৯ বিশ্বকাপেও। বিপরীতে ২০ বছর বয়সি ভেল্লালাগে মাত্র ১টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। ১৫ ওয়ানডেতে নিয়েছেন ১৯ উইকেট। ২০ বছর বয়সি তরুণ বল হাতে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছেন গত ১২ সেপ্টেম্বর, এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে। ভারতকে মাত্র ২১৩ রানে গুঁড়িয়ে দিতে নিয়েছিলেন ৫ উইকেট।

গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের টপ অর্ডার। আউট করেছিলেন ভারতের প্রথম ৬ ব্যাটসম্যানের ৫ জনকেই। তার শিকার হয়েছিলেন রোহিত শর্মা, শুবমন গিল, বিরাট কোহলি, লুকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া। আক্ষেপ তার পরও নিজ দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাকে হারের তেতো স্বাদ গিলতে হয়েছিল। তবে ভেল্লালাগে ঐ ম্যাচ দিয়েই ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়েছেন, স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিতেই এসেছেন তিনি। আজ সত্যিই দক্ষিণ আফ্রিকানদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারেন লঙ্কান তরুণ।

ইত্তেফাক/এএম