ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী হত্যার সন্দেহভাজন ৬ বন্দী কারাগারে নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৭:০০

ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডের সন্দেহভাজন ছয় বন্দীকে শুক্রবার কারাগারে হত্যা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে ইকুয়েডরের রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও। দেশটির যে অল্প কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থী সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভিলাভিসেনসি।

দেশটিতে দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা আগামী রোববার (১৫ অক্টোবর)। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কারাগারে এই হত্যাকাণ্ড ঘটল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, দুর্বৃত্তদের গোইয়াকুইল শহরের এক কারাগারে রাখা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইকুয়েডরের সরকার। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) বলেছেন, ‘সত্য একদিন প্রকাশ পাবে।’

কারাগার কর্তৃপক্ষ বলেছে, নিহত ছয়জন কলম্বিয়ার নাগরিক। তবে এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এ বিষয়ে ব্যবসায়িক উত্তরাধিকারী ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘কারাগারে কী হয়েছে তা সরকারকে স্পষ্ট করে জানাতে হবে।’

ইত্তেফাক/এমটি/এসএটি