আমির খানের ভাগ্নেকে পরিচালকরা বডি শেমিং করেছেন!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২০:১২

বলিউড অভিনেতা ইমরান খানকে দর্শক সাধারণত আমির খানের ভাগ্নে হিসেবেই চিনেছিল। একজন ফ্লপ নায়ক হিসেবে অকালেই তিনি অভিনয় থেকে অবসর নিয়েছেন। তবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অতীত জীবন নিয়ে বিস্ফোরক পোস্ট করে আলোচনায় আসেন এ অভিনেতা। সম্প্রতি তিনি জানালেন পরিচালকদের কাছ থেকে তাকে বডি শেমিং-এর শিকার হতে হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বলিউডের হিরোসুলভ চেহারা কোনওদিনই ছিল না ইমরানের। এজন্য তাকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সে সম্পর্কে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি হাইপার-মেটাবলিক। অর্থাৎ যা খাই সেই ক্যালোরি শরীরে বার্ন হয়ে যায়। যখন আমি যৌবনের দিকে পা রাখতে থাকলাম, আশেপাশের ছেলেরা সবাই জিম জয়েন করল, ওয়ার্ক আউট শুরু করল। তাদের শরীরের আকার বাড়তে থাকল, বাইসেপস ফুলতে শুরু করল। আর আমি স্মল সাইজের টি-শার্ট পরতাম, তাতেও হাতা গুলো লুজ হত।’ 

ইমরান মনে করান, জানে তু ইয়া জানে না-র জয় সিং রাঠোরের চরিত্রে অভিনয় করতে সুঠাম দেহের দরকার ছিল না। তবুও সকলে তাকে চোখ আঙুল দিয়ে দেখিয়েছিল তিনি কতটা রোগা, সেই কারণে গোটা ছবিতে সবসময় দু-টো লেয়ারের পোশাক পরে দেখা গিয়েছে ইমরানকে। বেশিরভাগ সময়ই টি-শার্টের উপর বুকচেরা শার্ট পরতে হয়েছে। পরের ছবি কিডন্যাপের জন্য জিম গিয়ে কসরত শুরু করেন ইমরান। 

তিনি আরো জানান আমিরের ভাগ্নে হিসেবেও তাকে কেউ রেহাই দেয়নি। অভিনেতা জানান পরিচালকরা নাকি বলতেন , ‘শ্যুটিং শুরুর আগে তুমি চেহারাটা একটু বাড়িয়ে নেবে তো? বড্ড দুর্বল দেখাচ্ছে’।

এদিকে ইমরানের পোস্টে অনেকে মন্তব্য করে লিখলেন, ‘তোমাকে তো বাচ্চা ছেলে লাগে, পুরুষ মনে হয় না’। কেউ বললেন, ‘হিরোইনদেরও তো তোমার চেয়ে বড় (আকারে) লাগে’। 

কিন্তু গত কয়েক বছরে স্টেরয়েড থেকে অনেক দূরে ইমরান। মানসিক অবসাদ কাটিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। রোগা-পাতলা ইমরানকে দেখে অনেকেই ভেবে বসেছিলেন অবসাদগ্রস্ত হয়ে হয়ত ড্রাগের নেশায় ডুব দিয়েছেন তিনি, সেসব কটূক্তির জেরে একটা সময় ‘লজ্জিতবোধ’ করেছেন ইমরান। এখন নিজিই জিমে যান, সাপ্লিমেন্ট হিসাবে কাঠবাদাম আর কাঁচা হলুদ খান। সুপারহিরোদের মতো চেহারা দেখলে আজও অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন, তবে নিজের শরীর নিয়ে এখন খুশি তিনি। 

ইত্তেফাক/পিএস