মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু মেরেছেন এক রেস্টুরেন্টের নারী কর্মচারী। গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এরিক ট্রাম্প। সেখানেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ নারী কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। খবর:সিএনএন।
মঙ্গলবার সন্ধ্যায় রক্ষণশীল ব্রেইটবার্ট নিউজ অনলাইনকে এরিক ট্রাম্প টেলিফোনে বলেন, এটা আবেগজনিত সমস্যাগ্রস্ত এক মানুষের খুবই বিরক্তিকর কাজ। শিকাগোর ঐ রেস্টুরেন্টে এরিক ট্রাম্পের এটি ছিল ব্যবসাসংক্রান্ত নৈশভোজ। এ সময় ঐ রেস্টুরেন্টের এক নারী কর্মী হঠাত্ করেই এরিকের মুখে থুতু নিক্ষেপ করেন। উপস্থিত সবাই এ ঘটনায় হতবাক হয়ে যান।
শিকাগো পুলিশ প্রধান এক টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনাটি পর্যালোচনা করে দেখছে। ট্রাম্প অর্গানাইজেশন শিকাগো ট্রিবিউনকে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ঐ নারীকে কারাগারে পাঠিয়েছিলো। তবে এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় ঐ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে, এখনো ঐ কর্মচারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
