ম্যানচেস্টারের দুটো ফুটবল ক্লাব বিশ্ব দাপিয়ে বেড়ায়-ইউনাইটেড আর সিটি। এর মধ্যে সিটি কোথাও কিছু জিতলে তারা স্লোগান তোলে, ‘ম্যানচেস্টার ইস ব্লু নাউ।’
সেই ম্যানচেস্টারকে বৃহস্পতিবার আরেকবার নীল দেখতে পেলেন বিরাট কোহলি। তবে এবার ফুটবল নয়, ক্রিকেটে ভারতের রংয়ে এই শহরকে রাঙালেন কোহলিরা। ওয়েস্ট ইন্ডিজের সাথে দাপুটে জয় নিয়ে বিশ্বকাপে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রাখার পর এই নীল রং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক।
ভারতের জয়টা শেষ পর্যন্ত এসেছে মোহাম্মদ শামিদের ভয়ানক বোলিংয়ে ভর করে। কিন্তু এর আগে বোলিং সহায়ক এই উইকেটে ভারতকে সম্মানজনক স্কোর এনে দেওয়ায় সামনে ছিলেন কোহলি নিজেই। তিনি খেলেছিলেন ৭২ রানের ইনিংস। তবে দিনশেষে কোহলি নিজে বলছেন, তিনি নয়, ম্যাচের আসল নায়ক ছিলেন ৫৬ রান করা সাবেক অধিনায়ক ধোনি।
ম্যাচশেষে ধোনিকে নানা রকম প্রশংসায় ভাসালেন কোহলি। সম্প্রতি বয়স হয়ে যাওয়া ধোনিকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে ও সমর্থকদের মধ্যে মাঝে মাঝেই সমালোচনা ঝড় ওঠে। সেই দিকে ইঙ্গিত করে কোহলি বললেন, ধোনির অভিজ্ঞতাই তাদের দলের বড় সম্পদ।
ধোনির বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে কোহলি বলছিলেন, ‘উইকেটে দাঁড়িয়ে সে ঠিক কী করতে চায়, এটা ধোনি সবচেয়ে ভালো জানে। তার মাঝে মধ্যে হঠাত্ যখন একটা খারাপ দিন যায়, সবাই সেটা নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু আমরা সবাই তাকে সবসময় সমর্থন করি। সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে।’
কোহলি বলছিলেন, ধোনির ম্যাচ বের করে আনার যে বিপুল অভিজ্ঞতা সেটার ওপর তারা সবসময়ই ভরসা করেন। আর ১০টা ম্যাচের মধ্যে ৮টাতেই এই ব্যাপারটা তাদের পক্ষে কাজ করে, ‘তাকে দলে পাওয়ার সেরা ব্যাপারটা হলো, আপনার দলে যখন বাড়তি ১৫-২০টা রান লাগবে, সেটা ঠিক কিভাবে কখন তুলে নিতে হবে, সেটা ধোনির চেয়ে ভালো কেউ জানে না। তার যে বিপুল অভিজ্ঞতা, সেটা ১০ বারের মধ্যে ৮ বারই আমাদের কাজে লাগছে। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় আছে, যারা সতঃস্ফুর্ততা থেকে ক্রিকেট খেলে এবং নিজের পরিকল্পনা অনুসরণ করে চলে। সে তাদের একজন। তার এই খেলাটা নিয়ে বোঝাপড়া এতো ভালো যে, তার কোনো পরামর্শ দরকার নেই। সে সবসময় আমাদের পরামর্শ দেয়। সে বুঝতে পারছিলো যে, ২৬০ এখানে খুব ভালো একটা স্কোর। সে এই খেলাটার একজন জীবন্ত কিংবদন্তি। আমরা সবাই এটা জানি।’
ভারত ধোনি এবং এই দলের কল্যাণে অসাধারণ সময় পার করছে। এখন পর্যন্ত তারা বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি। সেই সাথে আরেকটা সুখবর হলো, ভারত এই বিশ্বকাপের মধ্যেই র্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে। কোহলি বলছিলেন, এই মুহূর্তে দলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না তিনি, ‘আমি কোনো কিছু নিয়ে অভিযোগ করতে পারি না। আমরা এখনই মাত্র ১ নম্বরে উঠে আসলাম। সত্যি কথা বললে, আমরা এভাবেই বেশ কিছুদিন ধরে খেলছি। আর এটা এখন ধরে রাখতে হবে। গত দুই ম্যাচে ব্যাটিংয়ে সবকিছু আমাদের পক্ষে আসেনি। তারপরও আমরা ভালো জয় পেয়েছি। এটা সন্তোষনজক।’
