‘খুফিয়া’য় বাঁধনকে নয় হিনাকে দেখলেন বন্যা মির্জা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:১৭

নেটফ্লিক্সে নতুন মুক্তি প্রাপ্ত ওয়েব ফিল্ম ‘খুফিয়া’র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। মুক্তির পর বেশ ভালোই প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। তার মতে, সবচেয়ে ভালো লেগেছে দর্শকরা কাজটি দেখে তারপর কথা বলছেন। 

সম্প্রতি ফিল্মটি দেখার পর বাঁধনকে নিয়ে এক মন্তব্যে অভিনেত্রী বন্যা মির্জা জানান, আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন। আমি অভিভূত!

বাঁধনকে উদ্দেশ্যে করে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাঁধন তুমি করে দেখালে আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটীর জন্ম হয়!’

বাঁধন ও টাবু

অভিনেত্রীর প্রশংসায় তিনি আরও লেখেন, ‘বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি।’

তিনি যোগ করেন, ‘অভিনেতার একমাত্র কাজ হলো- নিজেকে ভুলে না যেয়ে তাকে পেছনে রেখে সামনে এক অন্য মানুষকে দাঁড় করানো। সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতো সত্য যে দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরুহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোন এক হিনার জীবন। যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

ইত্তেফাক/পিএস