সাকিব-মিরাজের প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৬:২২

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টাইগাররা। এই ম্যাচে ব্যাটে-বলে মেহেদি হাসান মিরাজ ও অসাধারণ নেতৃত্ব গুণের জন্য অধিনায়ক সাকিব আল হাসান বাড়তি নজর কেড়েছেন। আর তাইতো সাকিব-মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। 

নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’–এ সাকিব ও মিরাজের প্রশংসা ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। মিরাজকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সাকিবকে তিনি অনুপ্রেরণাদায়ী অধিনায়ক বলে উল্লেখ করেন। 

আফগানদের বিপক্ষে বাংলাদেশের বড় জয় আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন রমিজ বলেন, 'সামনে এই জয়টা নিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী বোধ করবে। পাশাপাশি এটাও অনুভব করবে যে বিশ্বকাপে তারাও আছে। সব মিলিয়ে খুবই দৃঢ় পারফরম্যান্স। আর যে বড় ব্যবধানে তারা আফগানিস্তানকে হারিয়েছে, নেট রান রেটেও সুবিধা পাবে অনেক।'

মিরাজ প্রসঙ্গে তিনি বলেন, 'মেহেদী হাসানের মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়। এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এরপর থেকে সে আর পেছনে ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত। বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটের সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।'

কঠিন পরিস্থিতিতে দলকে সাকিব পথ দেখান বলে মন্তব্য করে তিনি রমিজ আরও বলেন, 'সাকিব আল হাসান মানসম্পন্ন একজন ক্রিকেটার। তার অভিজ্ঞতাও দারুণ। সে এই ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানদের আউট করেছে। সাকিব এসে শুধু পরিস্থিতিই সামাল দেয় না, বরং কঠিন পরিস্থিতিতে সে বোলিং করে। সে অধিনায়কত্বও বেশ ভালো করেছে, এর ফলে আত্মবিশ্বাসও তার অনেক বাড়বে। দেখুন, সে নিজেও খুব ভালো পারফর্ম করেছে। আর অধিনায়ক সব সময়ই দলের জন্য অনুপ্রেরণা হতে চেষ্টা করে। আর এতে ডাগ আউটে আপনি কিছু বললে, সেটাকেও শ্রদ্ধার চোখে দেখা হয়। খুবই ভালো পারফরম্যান্স।'

ইত্তেফাক/জেডএইচ