স্বাগতিক ব্রাজিল গতকাল শুক্রবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে হারিয়ে শেষ চারে উঠে গেছে। পেনাল্টি শুটআউটে উতরানোর পর এটিকে দলের ‘প্রাপ্য জয়’ হিসেবেই দেখছেন টাইব্রেকারের নায়ক এলিসন বেকার। তবে দলকে শিগগিরই শেষ চারের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার আহ্বানও জানালেন তিনি।
শেষবার কোপা আমেরিকা জয়ের পর আর শিরোপা জেতা তো দূরের কথা, কোনো নকআউট ম্যাচই জিততে পারেনি ব্রাজিল। ২০১১ আর ২০১৫ আসরের কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের রুখে দিয়েছিল প্যারাগুয়ে। দুটি ম্যাচই গড়িয়েছিল টাইব্রেকারে। তাই হয়তো ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে খেলাটি মূল সময়ে জেতার ব্যাপারে জোর দিয়েছিলেন কোচ তিতে।
কোচ তিতের শিষ্যরা শেষ পর্যন্ত মূল সময়ে খেলা জিততে পারেননি। ফলে প্রতিযোগিতার নিয়মানুযায়ী নির্ধারিত ৯০ মিনিট শেষেই খেলা গড়ায় পেনাল্টিতে। শুরুতে পেনাল্টি নিতে আসা প্যারাগুয়ে ফরোয়ার্ড গুস্তাভো গোমেজের প্রয়াস ঠেকিয়ে প্রথমেই দলকে এগিয়ে দেন গোলরক্ষক এলিসন। এরপর শেষদিকে দার্লিস গঞ্জালেজের শট লক্ষ্যভ্রষ্ট হলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
এলিসন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন যোগ্য দল হিসেবেই জয় পেয়েছেন তারা। তিনি বলেন, ‘সতীর্থরা তাদের কাজটা করেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম। যোগ্য দল হিসেবেই আজকে জিতেছি আমরা। খেলার ফলাফলটা ড্র দেখালেও এখানে কেবল একটা দলই খেলতে চেয়েছিল।’
প্রায় ১২ বছর পর কোপা আমেরিকায় নকআউট ম্যাচে জয়ের আনন্দে ভেসে না গিয়ে দলকে বড় লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান দিলেন এলিসন। তিনি বলেন, ‘এখন আমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ মোটে একটা ধাপ এগিয়েছি আমরা। আমাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয় করা। তার আগে আরো একটি ধাপ পেরোতে হবে আমাদের।’
টাইব্রেকারের চতুর্থ শটে রবার্তো ফিরমিনো সুযোগ নষ্ট করলে চাপ ব্রাজিলের ঘাড়েই ফিরে আসে। তবে শেষ শটে গ্যাব্রিয়েল জেসাস গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি আমার নিজের মতো করে মেরেছি এবং গোল করেছি। শেষ ম্যাচে আমি গোল করতে পারিনি বলে কিছুটা মর্মাহত হয়েছিলাম। আমি মনে করি সেটা দুশ্চিন্তা থেকেই এমন হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমি ফুটবল খেলার জন্য, গোল করার জন্যেই বাঁচি। কিন্তু সেই মুহূর্তে দুশ্চিন্তা আমাকে বিশৃঙ্খল করে দিয়েছিল। আজ আমি নিজের মতো করে ঠান্ডা মাথায় শটটা নিয়েছিলাম। আমি গোলরক্ষককে বাঁয়ে যেতে দেখে অন্য পাশে বলটাকে তুলে দিয়েছিলাম।’
গতরাতে ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল আর্জেন্টিনার। ম্যাচটি লিওনেল মেসিরা জিততে পারলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়ে যাবে সেমিফাইনালেই।
