বিশ্বকাপের আগেই ক্রিস গেইল জানিয়ে রেখেছিলেন, এটাই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। তবে, ব্যর্থ এক বিশ্বকাপ কাটছে বলেই কি না, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ‘ইউনিভার্সাল বস’। বিশ্বকাপের পর দেশের মাটিতে একটা হোম সিরিজ খেলতে চান তিনি।
শুধু হোম সিরিজই নয়, একটা টেস্ট খেলার আশাবাদও শোনা গেল তার কণ্ঠে। তিনি ভারতের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচ শেষে বলেন, ‘এখানেই আমার শেষ নয়। বিশ্বকাপ শেষে আমি আরো কয়েকটি ম্যাচ খেলব। কে জানে হতে পারে আরো একটা সিরিজ। দেখা যাক কি হয়!
বিশ্বকাপ শেষে নিজের পরিকল্পনা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে পারি এবং এরপর অবশ্যই টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে খেলব। টি-টোয়েন্টি খেলব না। বিশ্বকাপ শেষে এটাই আমার পরিকল্পনা।’
গেইলের কথার সত্যতা নিশ্চিত করেন দলটির মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার। তিনি বলেন, ‘আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন। ভারতের বিপক্ষে নিজের শেষ সিরিজ খেলবেন গেইল।’
বিশ্বকাপ শেষে আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে ভারতীয় দল। সেই সিরিজে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি। সেই সিরিজেই শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাবেন গেইল। এখন অবধি ক্যারিবিয়ানদের হয়ে ১০৩টি টেস্ট, ২৯৪টি ওয়ানডে ও ৫৮টি ওয়ানডে খেলেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ২০ হাজার ছুঁইছুঁই রান।
গেইলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘ও যদি ওয়েস্ট ইন্ডিজ দলের নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত থাকে তাহলে ও যতদিন ইচ্ছা খেলতে পারে। ও দলে থাকলে তো আমাদেরই লাভ।’
চলতি বিশ্বকাপে গেইলের দল ওয়েস্ট ইন্ডিজ স্বপ্নের মতো এক সূচনা পেয়েছিল। প্রথম ম্যাচেই তারা হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। যদিও, এরপর আর একটা ম্যাচও জিততে পারেনি তারা। সাত ম্যাচে তাদের পয়েন্ট মাত্র তিন। এর মধ্যে একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। হার পাঁচটি।
ক্যারিবিয়ানদের হাতে আরো দুটি ম্যাচ আছে। আগামী এক জুলাই তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটা অনুষ্ঠিত হবে চেস্টার লি স্ট্রিটে। এরপর ৪ জুলাই নিজেদের শেষ ম্যাচে হেডিংলিতে আফগানিস্তানের মুখোমুখি হবে গেইলরা।
