ধর্মশালার আউটফিল্ডকে 'বাজে' বললেন বাটলার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৩১

ধর্মশালায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকারদের কণ্ঠে বারবার উঠে এসেছে এই মাঠের আউটফিল্ডের দুরবস্থার কথা। ম্যাচে বাউন্ডারি ঠেকাতে গিয়ে আফগান স্পিনার মুজিব উর রহমানের হাঁটু আটকে গিয়েছিল মাটিতে।

ম্যাচ শেষে আফগানিস্তানের কোচ সাবেক ইংল্যান্ড ক্রিকেটার জনাথন ট্রট বলেছিলেন, 'মুজিব উর রহমান যে বড় ধরনের কোনও চোটে পড়েননি এটা সৌভাগ্যের বিষয়।'

এই মাঠেই মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসলো মাঠের আউটফিল্ড প্রসঙ্গ। 

সোমবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে ইংলিশ অধিনায়ক জস বাটলার মাঠের আউটফিল্ড প্রসঙ্গে বলেন, 'হ্যাঁ অবশ্যই ( আউটফিল্ড নিয়ে উদ্বেগ আছে)। আমার মতে এটা বাজে। ফিল্ডিংয়ের সময় আপনার সতর্ক থাকার কথা ভাবা মুশকিল কারণ আপনি রান বাঁচাতে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। এটা অবশ্যই আদর্শ নয়। তবে আমরা এটাকে অজুহাত দেব না। এর সঙ্গে মানিয়ে নিতে হবে।'

আউটফিল্ডের অবস্থা ঝুঁকিপূর্ণ হলে খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি থাকে। এটা কি বাড়তি উদ্বেগ কিনা এমন প্রশ্নে ইংলিশ অধিনায়ক বলেন, 'দেখুন ইনজুরি যেকোনো সময় যেকোনো মাঠে হতে পারে। আসলে খেলার সময় সতর্ক থাকার কথা ভাবা যায় না। আপনি যখন দেশের জন্য খেলবেন প্রতিটি রানই বাঁচাতে চাইবেন ফিল্ডিংয়ে।' 

ইত্তেফাক/জেডএইচ