ইসরায়েলে আরও ১২০ রকেট ছুড়েছে হামাস 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। নতুন করে ইসরায়েলের দুই শহরে ১২০টি রকেট ছোড়ার দাবি করেছে এ সশস্ত্র গোষ্ঠী। আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরে এসব রকেট ছোড়া হয়েছে। বিবিসি জানায়, ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। জেরুজালেমে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এর আগে গত শনিবার ইসরায়েলে অন্তত পাঁচ হাজার রকেট হামলা চালিয়েছে হামাস। এতে এখন পর্যন্ত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকহাজার। অন্যদিকে হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ইতিমধ্যে দেশটি যুদ্ধের ঘোষণা দিয়েছে। 

বিবিসি বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলার পর ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন মানুষ গাজায় গৃহহারা হয়েছেন। বেশিরভাগই ভয়ে এবং নিরাপত্তার স্বার্থে এবং ঘরবাড়ি ধ্বংস হবে এই আশঙ্কায় ঘর ছেড়েছেন।

অফিস ফর কো-অরডিনেশন অফ হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স বলছে, ৭৩,০০০ লোক স্কুলে আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি এজেন্সির মুখপাত্র আদনান আবু হাসনা আশংকা করছেন এই সংখ্যা আরও বাড়বে।

ইত্তেফাক/এসআর