প্রচণ্ড খরার কারণে ইরাকের টাইগ্রিস নদীর তীরে মোসুল বাঁধের পানি কমে গিয়ে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো একটি প্রাসাদের খোঁজ পাওয়া গেছে| গবেষকরা বলছেন, এটি মিত্তানি সাম্রাজ্যের সময়কার প্রাসাদ| এই সাম্রাজ্য সম্পর্কে খুব বেশি তথ্য গবেষকদের কাছে নেই| এমনকি বর্তমান সিরিয়ার কিছু অংশ ও মেসোপটেমিয়ার উত্তরাঞ্চল নিয়ে গঠিত ঐ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, তাও জানেন না গবেষকরা|
গতবছর এই প্রাসাদের সন্ধান পাওয়ার পর একদল জার্মান ও কুর্দি প্রত্নতত্ত্ববিদ প্রাসাদের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ শুরু করেছেন|টাইগ্রিস নদীর তীরে খুঁজে পাওয়া প্রায় তিন হাজার চারশ বছর আগের এই প্রাসাদ রহস্যময় মিত্তানি সাম্রাজ্যের সময়কার বলে বৃহস্পতিবার জানিয়েছে জার্মানিক ট্যুবিঙেন বিশ্ববিদ্যালয়| ‘প্রাচীন মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম গবেষণা হওয়া সাম্রাজ্যগুলোর মধ্যে মিত্তানি একটি,’ বলেন ঐ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ইভানা পুলিত্স| ‘এমনকি মিত্তানির রাজধানী সম্পর্কেও জানা যায় না,’ যোগ করেন তিনি|
জার্মান ও কুর্দি প্রত্নতত্ত্ববিদরা যত তাড়াতাড়ি সম্ভব ঐ প্রাসাদের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছেন, কেননা পানি বেড়ে গিয়ে আবারও তা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত তাঁরা দেয়ালে খদিত কিছু শিল্পকর্মের অবশিষ্ট ও কিউনেইফর্ম পদ্ধতিতে লিখিত কাদামাটির কমপক্ষে ১০টি লিপিফলক পেয়েছেন। জার্মান গবেষকরা আশা করছেন, এসব লিপিফলকের বার্তা উদ্ধার করা গেলে মিত্তানি সাম্রাজ্য সম্পর্কে আরো বেশি তথ্য জানা যাবে|
