‘জাতীয় মুক্তি মঞ্চে’র উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৩৭

২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক লীগ (এলডিপি) সভাপতি অলি আহমদের জাতীয় সংসদের পুনঃনির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চে’র উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জি এম সিরাজকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, শায়রুল কবির খান, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ বগুড়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। বরগুনার এ ঘটনা প্রমাণ করে এ সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণেই এ সব হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।