ফেব্রুয়ারিতে জাকসু নির্বাচনের আশ্বাস

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পরিস্থিতি নিয়ে ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘জাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময়ের জন্য জাকসু নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়েছে। এতে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে আহ্বায়ক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

সভায় অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘এ কমিটির মাধ্যমে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবো বলে আশা করছি।’ বিলম্বে জাকসু আয়োজনে প্রশাসনকে সহায়তা না করার হুমকি দিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘জাকসু নির্বাচন যদি আগামী ফেব্রুয়ারিতে হয় তবে পরবর্তী কোনো মিটিংয়ে ছাত্রলীগ থাকবে না। আমরা চাই, এখনি আপনারা জাকসুর তারিখ ঘোষণা করবেন। আমরা মনে করছি সিনেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছাত্রনেতাদের ডেকে ঠান্ডা করার চেষ্টা করছেন।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট সব বিষয়ে ৭৩-এর অধ্যাদেশ যথাযথভাবে পালন করা হয়। কিন্তু ছাত্রদের বিষয় আসলেই যত অনিয়ম। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম করাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’