বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, চীনের নিয়ন্ত্রণহীন প্রভাব ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারে। এর ফলে অস্থিতিশীলতা বাড়াতে পারে এবং আমরা সম্মিলিতভাবে যে সমৃদ্ধি চাই তা বাধাগ্রস্ত করতে পারে।
সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলনের ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
পিটার হাস বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীনতা ও উন্মুক্ততার ভিত্তিতে আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এই অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার এবং সমৃদ্ধির প্রচারেও বিশ্বাস করে। এই কৌশলটির অন্যতম মূলনীতি হচ্ছে, প্রতিটি দেশই যেন জবরদস্তি ছাড়াই নিজস্ব পথ বেছে নিতে সক্ষম হয়। তিনি বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি তখন চীনের প্রভাবে আমাদের এই দৃষ্টিভঙ্গি যেন আমরা না হারাই।
