বিশ্বকাপের মহারণে ব্যস্ত সব দল। এরই মাঝে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় ভারতেরই দু'জন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের শুভমান গিল, মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের ডেভিড মালান।
আজ (মঙ্গলবার) ছেলে ও মেয়েদের ক্রিকেটে মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করে আইসিসি। জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের ই-মেইলে দেওয়া ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ। এরপর বাকি ১০ ভাগ ভোট দেন সমর্থকরা।
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন। সেই এশিয়া কাপে ৬ ম্যাচে ১১ উইকেট নেন তিনি। ২৯ বছর বয়সী পেসার প্রথমবারের মতো মাসসেরার স্বীকৃতি পাওয়ার সুযোগ এসেছে।
দারুণ ছন্দে থাকা শুভমান গিল সেপ্টেম্বর মাসে ৮ ম্যাচে ৮০ গড়ে ৪৮০ রান করেছেন। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে করেন চমৎকার সেঞ্চুরি। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেন ৭৪ ও ১০৪ রান। চলতি বছর এর আগেও একবার মাসসেরা হয়েছিলেন গিল।
দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান। সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪, ৯৬ ও ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। তিন ম্যাচে ৯২.৩৩ গড়ে ২৭৭ রানের করেন এই ওপেনার।
অন্যদিকে, সেপ্টেম্বরে মেয়েদের ক্রিকেটে সেরার দৌড়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক ও লরা উলভার্ট।
