আগে বোলিং নিয়ে আমরা ভুল করেনি: হাথুরু

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২:১১

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপটের সঙ্গে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই যে টাইগারদের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিল গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কাজে দিয়েছিল বাংলাদেশের।

ঐ ম্যাচে শুরুর দিকে কাজে না দিলেও পরবর্তীতে ঠিক কাজে দেয়। সেই অনুসারে একই মাঠে যেহেতু ম্যাচ তাই দ্বিতীয় খেলায়ও টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর এ সিদ্ধান্তের বড় মাশুলই গুণতে হয়েছে টাইগারদের। ইংলিশ ব্যাটারদের সামনে অসহায়ই হয়ে পড়েছিল সাকিব আল হাসানের দল। পরে ব্যাট হাতে নেমে ইংলিশ বোলারদের সামনে আত্মসমর্পণ। সব কিছু মিলিয়ে ১৩৭ রানে হেরে বিশ্বকাপে বড় পরাজয়ের। এই হারের পর অনেকেই দুষছেন ইংল্যান্ডের বিপক্ষে সাকিবের আগে বল করতে চাওয়ার সিদ্ধান্তকে। তবে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে এটি ভুল সিদ্ধান্ত ছিল না।

গতকাল ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে আসে হাথুরু। এ সময় আগে বোলিং নেওয়া সাকিবের সিদ্ধান্তকে সঠিক বলে জানান তিনি। আর বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমার মনে হয় না টস জিতে বোলিং নিয়ে আমরা ভুল কোনো সিদ্ধান্ত নিয়েছি। কারণ উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল। কারণ যেহেতু সকালে খেলা আর গত রাতে বৃষ্টিও হয়েছে। উইকেট থেকে সাহায্য পাওয়ার কথা ছিল বোলারদের। কিন্তু আমরা সঠিক জায়গায় বোলিং করিনি, ভালো লেন্থে বোলিং করিনি।

এদিকে এ ম্যাচে বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ। লিটন আর মুশফিকের মাঝামাঝি নামা সব ব্যাটারই এদিন হয়েছে ব্যর্থ। এ বিষয়টি নিয়ে হাথুরু মনে করেন, শুরুর দিকে এতো উইকেট হারালে তখনই ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায়। বাংলাদেশের প্রধান কোচের দাবি, সাত জন ব্যাটার একাদশে থাকলে টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে। বলেন, ‘আপনি যদি ভালো শুরু না পান এবং শুরুতেই ৩ উইকেট পান তাহলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। অবশ্যই ব্যাটিংটা ভাবনার বিষয়। আপনি সাত জন ব্যাটার খেলালে টপ অর্ডার জ্বলে না উঠলে তা অবশ্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।’

এর আগে ম্যাচ শেষে ব্রডকাস্টারের সঙ্গে আলাপকালে ইংল্যান্ড ৩২০ রানের মধ্যে আটকাতে পারলে টাইগাররা জয় পেতে পারতো বলে জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বলেন, ‘টস জেতাটা ভালো ব্যাপার ছিল। এখানে গত রাতে খানিকটা বৃষ্টি হয়েছে, পেসারদের জন্য কিছুটা সহায়তা ছিল কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আপনি যখন তাদের সুযোগ দেবেন তখন তারা অবশ্যই আপনার দিকে ধেয়ে আসবে। আমরা শেষ ১০ ওভারে বেশ ভালো করেছি। কিন্তু ৩৫০ (আদতে ৩৬৫) রান তাড়া করা সবসময়ই কঠিন। আমরা তাদের ভালোভাবেই আটকে দিয়েছি। কিন্তু আমার মনে হয় এখানে ৩২০ রান হলে তাড়া করা যেত। এটা লম্বা একটা টুর্নামেন্ট, চেন্নাইয়ে আমাদের কঠিন খেলা। নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। আমাদের আসলে সামনে এগিয়ে যেতে হবে, সঠিক কাজ করতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে।’ 

ইত্তেফাক/জেডএইচ