বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিন আজ। যদিও কোনওভাবেই বিগ বিকে দেখে বোঝার উপায় নেই। এখনও তার কাজের উদ্যম মুগ্ধ করে সবাইকে! বলিউডের এই মেগাস্টারের জন্মদিন পালনের উদ্দেশ্যে মঙ্গলবার রাত থেকেই কেক-মিষ্টি হাতে ভিড় করছেন ভক্তরা। আর খালি পায়ে জলসার বাইরে এসে তাদের চমকে দিয়েছেন অমিতাভ বচ্চন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সবাইকে চমকে দিয়ে মধ্যরাতেই বাংলোর বাইরে এলেন অমিতাভ বচ্চন। সকলকে উদ্দেশ্য করে হাত নাড়েন। হাত জোড় করে ধন্যবাদও জানান এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।
শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তারাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত।
এসময় অভিনেতা কালো ট্র্যাক প্যান্ড, গোলাপি প্রিন্টেড হুডি এবং মাথায় টুপি পরে ছিলেন। তবে এদিনও তিনি খালি পায়েই জলসার বাইরে আসেন।
প্রতি রোববার জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার সময় খালি পায়েই দেখা যায় এই বর্ষীয়ান অভিনেতাকে। যা নিয়ে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেকের মনেই জিজ্ঞাসা, কে খালি পায়ে কেন ভক্তদের সঙ্গে দেখা করতে যাই। তাদের উদ্দেশে বলি, আমি যাই, কারণ আপনি খালি পায়েই মন্দিরে যান। রবিবার বাড়ির বাইরে জড়ো হওয়া শুভাকাঙ্ক্ষীরাই আমার মন্দির।’ সেই ১৯৮২ সাল থেকে জলসার বাইরে এসে একইভাবে তিনি দেখা করেন অনুরাগীদের সঙ্গে। অসুস্থতা বা বড় কোনও দুর্ঘটনা না ঘটলে, যা বাদ পড়ে না কোনওদিনই।
আপাতত কৌন বনেগা ক্রড়োরপতির শ্যুট নিয়ে ব্যস্ত আছেন অমিতাভ বচ্চন। এরপর তাকে দেখা যাবে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ পার্ট ১’-এ। এছাড়াও তিনি প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের প্রোজেক্ট কে-তে আছেন।
