কখনো ক্র্যাম্প, কখনো কখনো অভিনয়: রিজওয়ান

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৬:০৪

টানা ৫০ ওভার উইকেট কিপিংয়ের পর পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে ক্রিজে আছেন মোহাম্মাদ রিজওয়ান। এরপরের গল্প সবার মোটামুটি জানা। বিশ্বরেকর্ড করে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রিজওয়ান। 

মাঠে এতটা সময় কাটালে ক্র্যাম্প হওয়া বা পেশিতে টান লাগা অস্বাভাবিক নয়। রিজওয়ানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটে। ফিফটির পরেই হ্যামস্ট্রিংয়ের টান পড়ে রিজওয়ানের। টিভিতে দেখে মনে হচ্ছিল রান-আপে সমস্যা হচ্ছিল তার। একবার তো ছক্কা মেরে ক্র্যাম্পের যন্ত্রণায় তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। 

তবে তার পড়ে যাওয়ার দৃশ্যটি কৌতুকপূর্ণ হওয়ায় তুমুল হাসাহাসি করতে থাকেন ধারাভাষ্যকাররা। তাদের মধ্যে ছিলেন সাইমন ডুল। নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলে উঠেন, 'দয়া করে কেউ ওকে (রিজওয়ান) চলচ্চিত্রে নিয়ে আসুন।' 

পরে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় রিজওয়ানকে প্রশ্ন করা হয় ক্র্যাম্প নিয়ে। ধারাভাষ্যকারদের মতো তিনিও হাসতে হাসতে মজার ছলে জবাব দেন, 'কখনও কখনও এটা ক্র্যাম্প, কখনও কখনও এটা অভিনয়।'

আত্মবিশ্বাস নিয়ে পাহাড় রান তাড়া করতে নেমেছিলেন পাকিস্তান। তিনি বলেন, 'এরকম পারফর্ম করলে আপনি সব সময়ই গর্ববোধ করবেন। এটা কঠিন ছিল এবং যখন আপনি এরকম কোনো লক্ষ্য তাড়া করে ফেলেন, সেটা সব সময়ই বিশেষ কিছু। আমাদের ড্রেসিং রুমে প্রত্যেক খেলোয়াড়েরই বিশ্বাস ছিল যে আমরা এই রান তাড়া করে জিততে পারব।'

ইত্তেফাক/জেডএইচ