জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে হেরেছে টাইগাররা। এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ দলে না থাকায় অবাক হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালটেন্ট ওয়াসিম জাফর।
বাংলাদেশের ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোতে রিয়াদ ইস্যুতে নিজের অবস্থান জানিয়েছেন ওয়াসিম জাফর। টস জিতে বল করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জাফর বলেন, 'টসের সিদ্ধান্তটা আমি বুঝতে পেরেছি। তারা আগে বোলিং করেই আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল। উইকেটেও আপনি কিছুটা আর্দ্রতা আশা করতেই পারেন। আর বাংলাদেশের বোলিং বিভাগও বেশ ভালো। তবে রিয়াদকে বাদ দেওয়ায় আমি অবাক হয়েছি। কারণ এমন একটা দল, যেখানে ডানহাতি ব্যাটসম্যানই বেশি। আবার মাঠও ছোট। আমি এই সিদ্ধান্তে অবাক হয়েছি।'
ব্যাটিং অর্ডার পরিবর্তনেরও কারণ খুঁজে পাচ্ছেন না অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ। তিনি আরও বলেন, 'মেহেদি যে আগের ম্যাচে ৩ নম্বরে ব্যাট করল, সে ব্যাটিং করল ৫ নম্বরে। জানি না, কারণটা কী? শান্ত যদিও তিনেই ব্যাট করত; তবু মেহেদিকে তিনে খেলানোর সিদ্ধান্তটা তো তাদের কাজে লেগেছে। ওপেনিং জুটিও বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই এমন হচ্ছে। এই সমস্যার সমাধান করতে হবে।'
