চট্টগ্রামে রাইফা খানের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত চিকিত্সকের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেছেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে রাইফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গত বছরের ২৯ জুন রাতে নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় আড়াই বছরের শিশু রাইফা। তার পরিবারের অভিযোগ, ম্যাক্স হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিত্সকের অবহেলা ও ভুল চিকিত্সার কারণেই রাইফার অকাল মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে রুবেল খান বলেন, বিএমডিসি কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু তারা আমার কোনো বক্তব্য না নিয়ে কৌশলে ত্রুটিপূর্ণ ম্যাক্স হাসপাতাল ও অভিযুক্ত চিকিত্সকের পক্ষ নিয়ে অসম্পূর্ণ প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। বিএমডিসির প্রতিবেদনটি যাতে আদালতের নথিভুক্ত করা না হয়; সে জন্য সিএমএম আদালতে আবেদন জানিয়েছি। একই সঙ্গে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করে পুনরায় প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের নির্দেশনা চেয়েছি। সংবাদ সম্মেলেনে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী প্রমুখ ।
