গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে গণমুক্তি জোটের ৭ দফা, ইসিতে স্মারকলিপি

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০:৫১

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সাত দফা দাবি পেশ করেছে গণমুক্তি জোট। বুধবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ নির্বাচন কমিশন অভিমুখে যাত্রার প্রাক্কালে এ সাত দফা ঘোষণা করেন। 

প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার আগে তিনি এক সাংবাদিক সম্মেলনে তিনি সাত দফা তুলে ধরে বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিতে হবে। এ সময় মন্ত্রীসভা ছোট হবে এবং স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের আওতায় আনতে হবে। 

এ ছাড়া নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে আইন সংশোধন করতে হবে যাতে সরকার নির্বাচন কমিশনের আদেশ মানতে বাধ্য হয়। সকল নির্বাচনে পোলিং এজেন্ট প্রথা বাতিল করাসহ প্রবাসীদের অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া সকল নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব নির্বাচন কর্মকর্তাকে দিতে হবে। 
 
সংবাদ সম্মেলনে দাবি পেশ শেষে গণমুক্তি জোট নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করে। পরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, জোটের সমন্বয়ক রশিদ মিয়াসহ অনেকে। 

ইত্তেফাক/পিও