উন্নয়নশীল দেশ গড়তে হলে নৌকার কোন বিকল্প নেই। সামনে এখনো অনেক কাজ বাকি। আমরা মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দেশে পৌঁছাতে চাই। এ জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
বুধবার (১১ অক্টোবর) বিকালে বাঘার আমরপুর-ধন্দহ উচ্চ বিদ্যালয় মাঠে বাউসা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোট ভাই সাইফুল ইসলাম বাদল।
বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে আয়োজিত সভায় সাইফুল ইসলাম বাদল বলেন, আপনাদের কার কি সমস্যা এবং কে কেমন আছেন, সেইসঙ্গে এলাকায় উন্নয়ন হয়েছে কি না এগুলো জানতে এসেছি, কিছু নিতে আসিনি।
ধন্ধহ গ্রামের রশেনা বেগম বলেন, বাবা আমার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আমি আমার চোখের অপারেশন করাতে চাই। মমেজান টিউবয়েল চান। এভাবে কেউ চিকিৎসার জন্য অর্থ চান, আবার কেউ বা বাড়িতে যাওয়ার রাস্তা চান। দু’জন স্কুল শিক্ষার্থী স্কুল মাঠ সংস্কার(উচুকরা) সহ একটি শহীদ মিনার ও প্রাচীর নির্মানের দাবি জানায়। এ সময় সকলের আবদার নোট করেন তিনি।
তিনি বলেন, আমার ভাই শাহরিয়ার আলম তার পরিবারকে যতটা ভালোবাসেন, ঠিক ততটাই ভালোবাসেন চারঘাট-বাঘার মানুষকে। বর্তমানে বাংলাদেশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত চলছে। আপনারা কোনো কথায় বিভ্রান্ত হবেন না।
তিনি আক্ষেপ করে বলেন, যারা শাহরিয়ার আলমের হাত ধরে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছেন, এখন তারা বিরোধিতা করেন। আমি আপনাদের অনুরোধ করে একটি কথা বলতে চাই। দেশের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আরও একবার ক্ষমতায় নিয়ে আসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, আমরপুর ধন্দহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলম উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন।
উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পী, বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সুধীজন ও শিক্ষক-শিক্ষার্থীরা।
