গাছের টাকা আত্মসাত!

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২২:৪৫

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ ২ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুজ্জামানের বিরুদ্ধে দফায় দফায় গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগে, নুরুজ্জামান বন বিভাগের নাম ভাঙিয়ে মাঠ ও রাস্তা সংলগ্ন লক্ষাধিক টাকার বাবলা গাছ কেটে আত্মসাত করেছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে আবারও তিনটি বড় বাবলা গাছ কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, রাস্তার ওপর গাছগুলো পড়ে থাকায় লোকজনের যাতায়াতের সমস্যা হচ্ছিল। তাই বন বিভাগের সঙ্গে কথা বলে তিনি তিনটি গাছ কেটেছি।

তবে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

সংশ্লিষ্ট নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিতের কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সরকারি গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাত খুবই বেআইনি কাজ। যদি ওই ইউপি সদস্য সরকারি রাস্তার গাছ কেটে থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত।

শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু বলেন, খবর পেয়ে ওখানে গ্রামপুলিশ পাঠানো হয়েছে। তিনি নিজেও সরেজমিনে যাবেন। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও