এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- বাপ্পি হোসাইন ও অনন্যা শিকদার।
নিহত বাপ্পি হোসাইন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
অন্যদিকে, নিহত অনন্যা শিকদার মাগুরা সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার ফল জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। পরে কক্ষের ভেতরে গলায় ওড়না পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি মো. ফারুক আহমেদ জানান, দুইজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুনাগাতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য বিশ্বাস জানান, আমার কলেজের এক ছাত্র পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে শুনেছি।
