মতিঝিলে শিবিরের মিছিল: ঢাবিতে প্রতিবাদে বিক্ষোভ 

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১১:২৯

আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ সহ ৭ দফা দাবিতে বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।  

শিবিরের এমন মিছিলের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে 'ঢাকা ইউনিভার্সিটি প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম' নামে এক সংগঠন। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই বিক্ষোভ কর্মসূচি। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির কোন কার্যক্রম মেনে নেওয়া যায়না। তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা এক সাথে তাদের প্রতিহত করবে। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর এই স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। যেখানেই ওদের আস্ফালন দেখতে পাবো সেখানেই আমরা তাদের প্রতিহত করবো।  

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, তানভীর হাসান সৈকত, জাতির যে কোন ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকে আবারো শিক্ষার্থীরা এমন একটি সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করে দিলো। এই স্বাধীনতা বিরোধী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি কায়েম করতে সচেষ্ট। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। আমরা তাদের সেই সুযোগ কখনো দিবোনা।  ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করে লাশের রাজনীতি কায়েম কর‍তে চায়। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যেকোন স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সক্রিয় ভূমিকা পালন করবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিবো আমরা।

ঢাকা ইউনিভার্সিটি প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম এর আয়োজনে সমামাবেশ হয়ে থাকলেও সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।

ইত্তেফাক/এআই