বেকিং এ নতুন? কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইলো ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট তানজিয়া রশীদের ৭টি গুরুত্বপূর্ণ বিগিনার বেকিং টিপস।
প্রচলিত আছে রান্না যদি আর্ট হয় তাহলে বেকিংটা হলো সায়েন্স। তাই রান্না করতে অনেকে পছন্দ করলেও বেকিংটাকে অনেকেই ভয় পেয়ে থাকেন, তাই না? যারা বেকিং এ নতুন তাদের জন্য বেকিং মানে একটা আতংকের নাম। কখনো ওভার বেক তো কখনো আন্ডারবেক মানে কাঁচাই রয়ে যায়। কখনো বার বার ফেইল হয়ে রাগ করে সব আগোছালো ফেলে দেওয়া। কিন্তু শুরু থেকেই যদি একটু সতর্ক হওয়া যায় তাহলে খুব অল্প সময়েই বেকিংটাকে আয়ত্তে আনা যায়।
রেসিপি ভালো করে পড়ুন
আমরা অনেকেই বেকিং করার সময় ঠিকমতো রেসিপি পড়ি না। অনেকটা এক্সাইটমেন্টে আবার কখনো গুরুত্ব নিয়ে পড়ার প্রয়োজন মনে করি না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এক এক রেসিপি এক এক নিয়মে প্রসেসিং করা লাগে। তাই গড়পড়তা কোনোরকমভাবে রেসিপি পড়ে বেকিং করতে যাওয়াটা বোকামি। আর সেজন্যই খুব ভালো করে এবং প্রয়োজনে বার বার রেসিপি পড়ে নিতে হবে।
উপকরণগুলো মাপমতো নিয়ে এক জায়গায় রাখুন
রেসিপি ভালো করে বুঝে প্রত্যেকটি উপকরণ মাপমত নিয়ে নিন। এক্ষেত্রে সঠিক পরিমাপের জন্য কিচেন স্কেল ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি উপকরণ মেপে আলাদা করে ছোট বাটিতে গুছিয়ে রাখুন ধারাবাহিকভাবে।
বেকিং টুলসের ব্যাপারে সতর্কতা
বেকিং প্যান, মিক্সিং প্যান থেকে শুরু করে বেকিং-এর প্রয়োজনীয় সব টুলস ও ইউটেনসিলস শুকনো থাকতে হবে। কাজ শুরু করার আগে ব্যপারগুলো নিশ্চিত করুন। বেকিং এর উপকরণগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে।
ওভেন টেম্পারেচার
বেকিং এর খুব গুরুত্বপূর্ণ যেটা খেয়াল রাখতে হয় সেটি হলো ওভেনের সঠিক তাপমাত্রা সেট করা। না হলে পুরো কষ্টটাই বৃথা। এক্ষেত্রে মনে রাখতে হবে এক এক ওভেন এর তাপমাত্রা এক এক রকম। তাই রেসিপিতে যেই তাপমাত্রা লিখা থাকে আপনার ওভেন অনুযায়ী তাপমাত্রা সেট করুন। অন্তত ২০ মিনিট প্রি হিট দিন।
সিরিয়াল মেইনটেইন করুন
রেসিপিতে যে ক্রমানুযায়ী কাজ করতে বলা হয়েছে সেই অনুযায়ী ক্রমান্বয় ফলো করুন। উল্টা পাল্টা হলে ফলাফল খারাপ হতে বাধ্য।
বেকিং এর মাঝখানে ওভেন খোলা যাবে না
কখনই বেকিং প্রসেস চলাকালে ওভেন বার বার খুলে চেক করা যাবে না। এতে বেকিং প্রসেস এ বাধাগ্রস্ত হয়।
তাড়াহুড়ো করা যাবে না
বেকিং যেহেতু একটি সায়েন্স তাই প্রত্যেকটি ধাপ খুব সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে। তাড়াহুড়ো করলে সমস্ত ব্যাপারটাই ফেইল হতে পারে।
অবশেষে বলবো বেকিংটাকে যদি ভালবেসে ও সঠিক পদ্ধতি অনুসরণ করে করা যায় তাহলে সহজেই সাকসেস ফুল হওয়া যায়।
লেখক: তানজিয়া রশীদ, ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট, ঢাকা।
