সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-বাসাইল-গুয়াখোলা সড়কে বাসাইল বাজার সংলগ্ন খালের উপর এলজিইডি বিভাগের ৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় ৬ মাস। কিন্তু সেতুর পাশে জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা নির্মাণ না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। রাস্তাটি ৫ গ্রামের মানুষের রাজধানী ঢাকাসহ উপজেলা-ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ ও স্থানীয় হাট-বাজারে যাতায়াতের একমাত্র পথ। ঐ স্থানে পুরনো সেতুটি ভেঙে ফেলার পর দুইপাশের রাস্তার মাটি এমন খাড়াভাবে কাটা হয়েছে তাতে বয়স্ক, মহিলা ও শিশুদের পক্ষে উঠা-নামা করা অত্যন্ত কঠিন। বিশেষ করে বৃষ্টি হলে কাদা-পানিতে জায়গাটি এমনভাবে পিচ্ছিল হয় তখন কারো পক্ষে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেতুর সাইটে কর্মরত লোকজন বিকল্প রাস্তা নির্মাণের ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানান। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ জানান, নির্মাণাধীন সেতুটির পাশে বিকল্প রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু করবে বলে জানান।
