কুমিল্লায় চোরাই সিএনজি-মোটরসাইকেল উদ্ধার, ১৪ জন গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৯:৩৮

কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাই সিএনজি, অটোরিকশা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় সংঘবদ্ধ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ডিবি ও চৌদ্দগ্রাম থানা পুলিশ গত দুইদিন ধরে পৃথক এ অভিযান পরিচালনা করে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।

এ সময় জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজেস বড়ুয়ার নেতৃত্বে ডিবি পুলিশের দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭টি চোরাই সিএনজি, ৬টি অটোরিকশা ও ২টি মোটর সাইকেল উদ্ধার করে। এসময় আন্তঃজেলা চোর সিন্ডিকেট চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

এ ছাড়া চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে ওই উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া, চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহাসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।

ইত্তেফাক/পিও