কে এই নারী?

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪৫

তিনি কথা বলেছেন কিন্তু নিজের পরিচয় দেন না। কারো দেওয়া খাবারও নেন না। রাতদিন শুয়ে থাকেন একই জায়গায়। কেউ কাছে গেলেই তাড়িয়ে দেন।

গত সাত দিন ধরে কালিয়ার পিরোলী এলাকায় একটি বন্ধ দোকানের সামনে রাস্তার পাশে অনাহারে পড়ে থাকার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের এক ব্যবসায়ী অজ্ঞাত পরিচয় এই নারীকে (৪০) উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করেছেন। না খেয়ে খেয়ে তিনি এখন চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেছেন।

রহস্যময় এই নারী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। তার প্রতি সহানুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অনেকেই। ঐ নারীর স্বজনদের দৃষ্টি আকর্ষণ করতে অবস্থার বিবরণ দিয়ে অনেকেই তার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিলেও স্বজনদের কোনো সাড়া মেলেনি। অবশেষে বাজারের ব্যবসায়ী আলবাব শেখ ও পেড়লী ইউপির গ্রাম পুলিশ মো. রাসেল শেখ তাকে কালিয়া হাসপাতালে ভর্তি করেছেন। উপজেলার পেড়লী ইউপির চেয়ারম্যান জার্জিদ মোল্যা বলেছেন, তিনি ঘটনাটি বুধবার রাতে জানতে পেরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠিয়েছেন।

কালিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. তাজ মল্লিক বলেছেন, দীর্ঘ সময় অনাহারে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়েছে। কালিয়ার ইউএনও রুনু সাহা জানিয়েছেন, ঐ নারীর চিকিত্সাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি