ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুইটি ম্যাচে দুইটি জয় নিয়ে ভালো অবস্থানেই রয়েছে গত আসরে ফাইনাল খেলা দল নিউজিল্যান্ড। অন্যদিকে হিমাচল প্রদেশের ধর্মশালার আফগানিস্তান এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। যেখানে আফগানদের বিপক্ষে জয় এবং ইংলিশদের বিপক্ষে হারের স্বাদ পায় বাংলাদেশ। তাই নিজেদের তৃতীয় ম্যাচে দুই দলই চাইবে জয়। তবে এ ম্যাচটি হবে দারুণ লড়াইয়ের, কারণ ব্যাটারদের থেকে এই ম্যাচে বড় ব্যবধান গড়ে দেবে স্পিন বোলাররা।
আজকে নিউজিল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই মাঠের উইকেটকে স্পিনের স্বর্গরাজ্যও বলা হয়। এর আগে চলতি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার মাচেও দেখা গিয়েছিল তেমনই চিত্র। জাদেজা-কুলদ্বীপরা তাদের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভালোই ভুগিয়েছিল। তাই আজকে ফের একবার স্পিনারদের লড়াই হবে, তা কিছুটা ধারণা করাই যায়। তবে দুই দলেরই রয়েছে বিশ্বমানের স্পিনার, যারা এই খেলায় দলের জয়ে বড় অবদান রাখতে পারে।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট উপমহাদেশের উইকেটের মতোই স্পিন সহায়ক উইকেট। এই উইকেটে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাড়তি টার্ন পায় স্পিনাররা। বাংলাদেশ বরাবরই স্পিন উইকেটে ভালো করে। প্রায় মিরপুরের উইকেটের মতোই চেন্নাইয়ের এই স্টেডিয়ামের উইকেট। এই উইকেটে কিউই ব্যাটারদের জন্য হুমকি হতে পারে সাকিব-মিরাজ-নাসুম-মাহাদীরা। বাংলাদেশের সব শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন মাহাদী হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে তাকে। কিউইদের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও।
তবে নিউজিল্যান্ডও যে ছেড়ে কথা বলবে না, তা তাদের সবশেষ দুই ম্যাচ দেখলেই বোঝা যায়। কারণ তাদের দলেও রয়েছে রাচিন রবীন্দ্র, মিচেল সান্তনার ও গ্লেন ফিলিপসের মতো স্পিন তারকারা। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তারা। এমন কি হিট-দ্য-ডেক পেসাররা ফাটলের জন্য বাড়তি মুভমেন্ট পেতে পারে এই উকেটে। আগের রেকর্ড অনুযায়ী এই উইকেটে আগে ব্যাটিং করা দল বাড়তি সুবিধা পায়। যদি কোনোমতে আগে ব্যাট করে ৩০০ রানের বেশি করা যায়, তাহলে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে আটকে দেবার সুযোগ থাকে। তাই বলাই যায় জয়ের জন্য এই ম্যাচে টস বড় ভূমিকা পালন করবে।
এখন পর্যন্ত এই ম্যাঠে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় মোট ২৩টি । আগে ব্যাটিং করা দলের জয়ের পাল্লা ভারি এই চেন্নাইয়ের এই উইকেটে। এই ম্যাচে আগে ব্যাটিং করা দলের জয় ১৪টিতে এবং অপর দিকে পরে ব্যাটিং করা দলের জয় ৯টিতে। এই ম্যাচে আগে ব্যাট করা দলের রানের এভারেজ ২৪৫।
